, , ,
শিরোনাম
ধর্ষণ মামলায় গ্রেফতারের পর ছাত্র ইউনিয়ন সভাপতির সদস্যপদ স্থগিত

ধর্ষণ মামলায় গ্রেফতারের পর ছাত্র ইউনিয়ন সভাপতির সদস্যপদ স্থগিত

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতারের পর বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়ের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে সংগঠনের সহসভাপতি সুজয় সরকারকে জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক তন্নি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে বরিশাল নগরের কাউনিয়া প্রথম গলির একটি ভাড়া বাসা থেকে নয়ন সরকার জয়কে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা—পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (২৮ জুলাই) জয়ের প্রেমিকা পরিচয় দেওয়া এক তরুণী তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে। তিনি বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, ২০২৪ সালে জয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে জয় একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। গত ছয় মাস ধরে বিয়ের বিষয়ে কথা বললে জয় বিষয়টি এড়িয়ে যান এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান। এ ছাড়া অভিযুক্তের মা তাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না বলেও জানানো হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, গ্রেফতারের আগে আত্মগোপনে থাকা অবস্থায় জয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেন এবং মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন।

ছাত্র ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্ষণ, নারী নিপীড়ন ও যৌন সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। সংগঠনের লিঙ্গ সংবেদনশীল সেলের নীতিমালা অনুযায়ী, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নয়ন সরকার জয়ের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী সুজয় সরকারকে বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগটি বর্তমানে আদালতে বিচারাধীন। আইনগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে এবং সংগঠনের নীতিমালা অনুযায়ী অভিযোগকারী যাতে ন্যায়বিচার ও নিরাপদ পরিবেশ পান, সে বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ সহযোগিতা করবে।

অভিযোগটি বর্তমানে আদালতে বিচারাধীন। এ বিষয়ে আদালতের কোনো রায় এখনো হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost