, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
এক বছরে রাঙ্গাবালীতে ছয় ইউএনওর বদলি

এক বছরে রাঙ্গাবালীতে ছয় ইউএনওর বদলি

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ০২ আগস্ট, ২০২৬

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক বছরে ছয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হয়েছেন। তাদের মধ্যে একজন যোগদানের এক দিনের মাথায় প্রত্যাহার হয়েছেন। ঘন ঘন ইউএনও বদলির কারণে উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম ও উন্নয়নকাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে পাশের উপজেলা গলাচিপার ইউএনও আবুজর মো. ইজাজুল হক অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাঙ্গাবালীর ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ জুলাই ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাজীব দাশ পুরকায়স্থ। ওই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাস দুই দিন দায়িত্ব পালন করেন তিনি। এরপর ইউএনও হিসেবে দায়িত্ব নেন মো. নাহিদ ভূঞা। তিনি ২০২৬ সালের ২৬ মার্চ পর্যন্ত তিন মাস ২২ দিন দায়িত্বে ছিলেন।

এরপর গলাচিপা উপজেলার তৎকালীন ইউএনও মো. মাহমুদুল হাসান ২৭ এপ্রিল পর্যন্ত এক মাস এক দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাঙ্গাবালীর ইউএনওর দায়িত্ব পালন করেন।

২৭ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ২০ দিন প্রথম দফায় ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন রাঙ্গাবালীর সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান।

১৭ মে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নেন নিরুপম মজুমদার। তিনিও মাত্র এক মাস আট দিন দায়িত্ব পালন করে ২৫ জুন বিদায় নেন। এরপর ২৫ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত এক মাস এক দিন দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান।

সর্বশেষ ২৬ জুলাই সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন রাঙ্গাবালীর ইউএনও হিসেবে দায়িত্ব নেন। তবে পূর্বের কর্মস্থলে থাকাকালে ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও লেটার তৈরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ অভিযোগের পর যোগদানের পরদিনই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। ফলে মাত্র এক দিন দায়িত্ব পালন করতে পারেন তিনি।

এরপর ২৭ জুলাই থেকে গলাচিপার ইউএনও আবুজর মো. ইজাজুল হককে রাঙ্গাবালীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয়রা জানান, রাঙ্গাবালী ও গলাচিপার মধ্যে কোনো সড়ক যোগাযোগ নেই। আগুনমুখা নদী পেরিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে কয়েক ঘণ্টা সময় লাগে। ফলে রাঙ্গাবালীতে অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনওর নিয়মিত যাতায়াত সম্ভব হয় না। এতে জরুরি সিদ্ধান্ত গ্রহণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ বলেন, ইউএনও উপজেলা প্রশাসনের প্রধান সমন্বয়কারী। এলাকার সমস্যা ও সম্ভাবনা অনুধাবনের আগেই ঘন ঘন বদলি হলে উন্নয়নকাজের ধারাবাহিকতা বাধাগ্রস্ত হয়।

ভৌগোলিক বিচ্ছিন্নতা, নদীভাঙন, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাঙ্গাবালীতে দ্রুত একজন স্থায়ী ইউএনও পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost