
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২ নম্বর বাকাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাকুরিতা (দক্ষিণপাড়া) গ্রামে জনসাধারণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আবেদনে উল্লেখ করা হয়, আগৈলঝাড়া–পয়সারহাট মহাসড়ক থেকে উত্তর দিকে গৌরঙ্গ জয়ধরের বাড়ি হয়ে বিশ্বাস বাড়ি পর্যন্ত একটি জনবহুল রাস্তা রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় ১০ থেকে ১২টি পরিবারের শতাধিক মানুষ এ পথ ব্যবহার করে আসছেন। এছাড়া বোরো মৌসুমে স্থানীয় ও আশপাশের এলাকার কৃষকদের মাঠের ফসল পরিবহনের একমাত্র পথ হিসেবে রাস্তাটি ব্যবহৃত হয়ে থাকে।
স্থানীয়দের অভিযোগ, একই গ্রামের সুনীল বৈরাগী (পিতা: ক্ষিরোদ বৈরাগী) সরকারি জায়গা দখল করে ওই রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ শুরু করেছেন। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের পাশাপাশি স্থানীয় কৃষকদের বোরো চাষের জন্য নির্মিত একটি পাকা ড্রেনও বন্ধ করে দিয়েছেন। এতে শত শত একর কৃষিজমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা।
এ অবস্থায় জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত রাখা, দেয়াল নির্মাণ বন্ধ এবং সরকারি জায়গা দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারীরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত সুনীল বৈরাগীর বক্তব্য পাওয়া যায়নি।
আগৈলঝড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন অভিযোগ পাওয়ার পর উপজেলার ভূমি নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।