
বরিশালের নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া ৪ শতাংশ জমি উদ্ধার করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর হাসান মোর্শেদ সুমন। দায়িত্ব গ্রহণের পর তাঁর উদ্যোগে দীর্ঘদিনের জমিসংক্রান্ত জটিলতার অবসান ঘটেছে।
জানা গেছে, নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শতাংশ জমি পার্শ্ববর্তী শরিফ বাড়ির ওয়ারিশ শামীম শরীফ ও শাহীন শরীফ হাতেম আলী কলেজের শিক্ষক শামীমের কাছে মোট ৯ দশমিক ৫ শতাংশ জমি বিক্রি করেন। তবে বিক্রির সময় বিদ্যালয়ের ৪ শতাংশ জমিও ওই জমির সঙ্গে বুঝিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এতে বিদ্যালয়ের জমি নিয়ে জটিলতার সৃষ্টি হয়।
পরবর্তীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণের পর মীর হাসান মোর্শেদ সুমন জমিটি উদ্ধারে উদ্যোগী হন। এ লক্ষ্যে তিনি সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেন। পরে সরকারি আমিনের মাধ্যমে জমি পরিমাপ করে বিদ্যালয়ের ৪ শতাংশ জমির সীমানা নির্ধারণ ও উদ্ধার করা হয়।
জমি পরিমাপের পর সেখানে ভোগদখলে থাকা শামীম নিজ উদ্যোগে ও নিজস্ব লোকবল দিয়ে তাঁর স্থাপনা সরিয়ে নেন। এরপর উদ্ধার করা জমি নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের ৪ শতাংশ জমি উদ্ধার করে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি ফিরিয়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণে মীর হাসান মোর্শেদ সুমনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।