, , ,
শিরোনাম
বিএম কলেজের সড়ক নির্মাণকাজ বন্ধ, ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নার্স ভান্ডারিয়ায় মৎস্য অভিযানে ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি বরিশালের এক বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার. ভান্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলায় প্রধান আসামি গ্রেফতার বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জাকির হোসেন হাওলাদারের গণসংযোগ বিসিসি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌসী জিতু হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবকদল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
জমি নিয়ে বিরোধ, চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৮ জনকে কুপিয়ে জখম

জমি নিয়ে বিরোধ, চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৮ জনকে কুপিয়ে জখম

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বরিশালের মুলাদীতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আটজনকে জখম করার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সোনামদ্দিন বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে নারীও রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনামদ্দিন বন্দরের একটি জমি নিয়ে বোয়ালিয়া গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে আলম হাওলাদার ও সাত্তার হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস—বৈঠক হলেও সমাধান হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার সকালে শাহজাহান হাওলাদার ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে আলম হাওলাদার বোয়ালিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। তখন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে ঘর নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেন।

অভিযোগ রয়েছে, পুলিশের নির্দেশ উপেক্ষা করে শনিবার সকালে শাহজাহান হাওলাদার (৭০), তাঁর ছেলে ইকবাল হাওলাদার (৪৮), আবু সুফিয়ান হাওলাদার (৪৫), সোহেল হাওলাদার (৪০) এবং আরও আট থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে ঘর তুলতে যান। আলম হাওলাদার ও তাঁর লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, একপর্যায়ে শাহজাহানের লোকজন পাশের একটি মিল থেকে মরিচের গুঁড়া এনে আলম হাওলাদারের পক্ষের লোকজনের চোখেমুখে ছিটিয়ে দেন। এতে তাঁরা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাঁদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।

এ ঘটনায় আলম হাওলাদার (৫৫), তাঁর ভাই সিদ্দিকুর রহমান হাওলাদার (৫১), আবদুর রাজ্জাক হাওলাদার (৪৮) ও সিদ্দিক হাওলাদারের স্ত্রী ফেরদৌসী বেগমসহ অন্তত আটজন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পাঁচজনকে ভর্তি করা হয় এবং তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে শাহজাহান হাওলাদারের ছেলে ইকবাল হাওলাদার বলেন, ‘আমাদের জমিতে ঘর তুলতে গেলে আলম হাওলাদার ও তাঁর লোকজন বাধা দেন। এ সময় কথাকাটাকাটি ও হাতাহাতিতে দুই—তিনজন আহত হয়ে থাকতে পারেন। সেখানে হামলার ঘটনা ঘটেনি।’

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী জানান, আহতদের মধ্যে আলম হাওলাদার ও সিদ্দিকুর রহমান হাওলাদারের মাথার খুলি ভেঙে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost