, , ,
কাজিরহাটে এক রাতে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি

কাজিরহাটে এক রাতে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি

Reporter
প্রতিবেদক : এস এম শাহা আলম
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বরিশাল জেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামে এক রাতে দুটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে গেছে। এতে ভুক্তভোগীদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে লতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কাদিরাবাদ গ্রামে মাসুদ ভূইয়া ও রায়হান শেখের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ঘরের পেছনের অংশে সিঁধ কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগী মাসুদ ভূইয়া জানান, তার ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং জমির গুরুত্বপূর্ণ দলিল চুরি হয়েছে। ঘুম থেকে উঠে ঘরের অবস্থা দেখে তিনি বিষয়টি জানতে পারেন।

অপর ভুক্তভোগী রায়হান শেখ জানান, তার ঘর থেকেও নগদ টাকা, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “দিন দিন কাজিরহাট এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সাধারণ মানুষের জানমাল রক্ষায় কার্যকর ব্যবস্থা প্রয়োজন।”

এলাকাবাসীর অভিযোগ, কাজিরহাট থানা এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি বেড়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান তৎপরতা নেই। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

মাসুদ ভূইয়া বলেন, “প্রতিনিয়ত যদি এভাবে চুরির ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা কঠিন হবে।

এ বিষয়ে কাজিরহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost