, , ,
শিরোনাম
প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাউখালীতে নানা আযোজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ঘাটে ফিরল ১ জেলের মরদেহ, কবর খুঁড়ে অপেক্ষায় ৪ জনের পরিবার পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে যুবদলের হামলায় ১২ শ্রমিক আহত ভোলার স্বার্থের গণ্ডি পেরিয়ে দক্ষিণাঞ্চলের বৃহত্তর উন্নয়ন ভাবনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হাজারো মানুষের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন সুলতান মাহমুদ টিপু শিকদার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লাশ পড়বে, চেয়ার ছাড়ব না’ ৫ জেলের মরদেহ পাওয়ার গুজবে কবর খুঁড়লেন স্বজনরা বিদিশা সিদ্দিক গ্রেপ্তার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ঘাটে ফিরল ১ জেলের মরদেহ, কবর খুঁড়ে অপেক্ষায় ৪ জনের পরিবার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ঘাটে ফিরল ১ জেলের মরদেহ, কবর খুঁড়ে অপেক্ষায় ৪ জনের পরিবার

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

উত্তাল বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইকুল (৩৩) নামে এক জেলের মরদেহ উদ্ধার করে উপকূলে আনা হয়েছে। মঙ্গলবার পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত কেবল সাইকুলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাকি চার জেলে নুর আলম (৩৭), কাওসার (৩০), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)—এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে সোমবার (২৪ আগস্ট) বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১৩ জন জেলেসহ ‘এফবি বরকত’ ট্রলারটি সাগরে ডুবে যায়। দুর্ঘটনার পর আটজন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ থাকেন পাথরঘাটা সদর ইউনিয়নের ওই পাঁচ জেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর উপকূলে পৌঁছালে স্বজনদের মধ্যে একদিকে শোক নেমে আসে, অন্যদিকে প্রিয়জনদের দাফনের প্রস্তুতিও শুরু হয়। স্বজনেরা কবর খুঁড়ে রাখেন। কিন্তু কিছুক্ষণ পর উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বুধবার সকাল ৮টার দিকে উদ্ধারকারী ট্রলার উপকূলে ফিরলে জানা যায়, কেবল সাইকুলের মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে ট্রলারের মাঝি বাদল মোল্লা জানান, প্রাথমিকভাবে ডুবে যাওয়া ট্রলারের ভেতরে একজনের মরদেহ দেখতে পাওয়া যায়। তখন সাগর প্রচণ্ড উত্তাল থাকায় ভেতরে আরও মরদেহ রয়েছে বলে ধারণা করা হয়েছিল। সেই ধারণা থেকেই উপকূলে ট্রলার মালিক সমিতি ও স্বজনদের পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। পরে তল্লাশি চালিয়ে শুধু সাইকুলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

পাথরঘাটা সদর ইউনিয়নের বাসিন্দা সুমন মোল্লা বলেন, সাগর থেকে নিখোঁজ জেলেদের মরদেহ উদ্ধারের খবর শুনে স্বজনেরা তাঁদের বাড়িতে কবর প্রস্তুত করেছিলেন। তবে বৈরী আবহাওয়ার কারণে সাগরে নেটওয়ার্ক সমস্যায় সঠিক তথ্য উপকূলে পৌঁছাতে পারেনি। ফলে পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায়, শুধু সাইকুলের মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার সকাল ১১টায় দক্ষিণ পাথরঘাটা মীরা বাড়ি জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাইকুলের মরদেহ দাফন করা হয়। নিহত সাইকুল পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে।

এদিকে নিখোঁজ নুর আলম, কাওসার, ইব্রাহিম ও বেল্লালের ফেরার আশায় উৎকণ্ঠা ও শোকের মধ্যে উপকূলে অপেক্ষা করছেন তাঁদের স্বজনেরা।

নিখোঁজ নুর আলমের স্বজনেরা জানান, প্রথমে পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর শুনে তাঁরা ভেবেছিলেন, দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। সেই অনুযায়ী কবর খোঁড়াসহ দাফনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পরে শুধু সাইকুলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাঁরা আরও উৎকণ্ঠায় পড়েছেন। দ্রুত সাগরে তল্লাশি চালিয়ে নুর আলমের সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কাওসারের স্বজনেরা বলেন, মঙ্গলবার পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর শুনে পরিবারের সবাই ভেঙে পড়লেও অন্তত মরদেহটি ফিরে পাবেন—এমন মানসিক প্রস্তুতি নিয়েছিলেন। পরে জানতে পারেন, ওই খবর পুরোপুরি সঠিক নয়। এতে তাঁদের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। জীবিত না থাকলেও অন্তত কাওসারের মরদেহ পরিবারের কাছে ফিরলে তারা অন্তত কিছুটা হলেও সস্তি পেতেন।

ইব্রাহিমের স্বজনেরা বলেন, ট্রলারডুবির পর থেকেই তাঁরা উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। পাঁচজনের মরদেহ উদ্ধারের খবর শুনে কবর প্রস্তুত করেছিলেন। পরে শুধু সাইকুলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাঁরা আরও ভেঙে পড়েছেন। দ্রুত উদ্ধার অভিযান জোরদার করে ইব্রাহিমের সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

বেল্লালের স্বজনেরাও জানান, প্রিয়জনের মরদেহ উদ্ধারের খবর পেয়ে তাঁরা দাফনের প্রস্তুতি নিয়েছিলেন। পরে জানতে পারেন, বেল্লালের মরদেহ এখনো পাওয়া যায়নি। এতে পরিবারের শোক ও উৎকণ্ঠা আরও বেড়েছে। সাগরে থাকা অন্য ট্রলারগুলোর সহযোগিতায় দ্রুত তল্লাশি চালিয়ে বেল্লালসহ নিখোঁজ চার জেলের সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। যোগাযোগের সমস্যার কারণে শুরুতে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। উদ্ধারকারী ট্রলার থেকে অনুমানের ভিত্তিতে পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত ট্রলারের ভেতর থেকে শুধু সাইকুলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি চার নিখোঁজ জেলের সন্ধানে চেষ্টা অব্যাহত রয়েছে। সাগরে থাকা অন্য ট্রলারগুলোকেও সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost