
কম খরচে এবং অল্প সময়ে অধিক পরিমাণ জমি চাষের উপযোগী এক উদ্ভাবনী পাওয়ার টিলার (ট্রাক্টর) তৈরি করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন কুদ্দুস হাওলাদারের পুত্র তরুণ কৃষক মোঃ ইউনুস হাওলাদার (২২)।
সোমবার (৩১ আগস্ট, ২০২৬) বেলা ১১টায় বরগুনার বামনা উপজেলার স্থানীয় পূর্ব বলাইবুনিয়া গ্রামে গিয়ে এই উদ্ভাবন পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন।
পূর্ব বলাইবুনিয়া গ্রামের কৃষক কুদ্দুস হাওলাদরের পুত্র ইউনুস হাওলাদার সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও মেধা খাটিয়ে এই নির্ভরযোগ্য ট্রাক্টরটি তৈরি করেছেন। পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আনিসুর রহমানসহ এলাকার উৎসুক জনতা।
কৃষক ইউনুস হাওলাদার জানান, সাধারণ ছোট পাওয়ার টিলারের তুলনায় তাঁর উদ্ভাবিত মেশিনটি প্রায় ১০ গুণ বেশি জমি চাষ করতে সক্ষম। সাধারণ একটি পাওয়ার টিলার দিনে ২০ লিটার তেল খরচ করে মাত্র এক থেকে দুই একর জমি চাষ করতে পারে। পক্ষান্তরে, তাঁর তৈরি উদ্ভাবনী মেশিনে দিনে মাত্র ৩০ লিটার তেলে ১০ থেকে ১১ একর জমি চাষ করা সম্ভব।
তিনি আরও জানান, “আমি চাই কৃষকরা যেন অল্প খরচে দ্রুত চাষাবাদ শেষ করতে পারেন। তবে আমার আর্থিক সচ্ছলতা না থাকায় কৃষি অফিসের সহযোগিতা কামনা করছি। সরকারি সহায়তা পেলে কৃষি খাতকে আরও একধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
পরিদর্শন শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমীন বলেন, “যেহেতু এই ট্রাক্টরটি অল্প খরচে ও কম সময়ে অধিক জমি চাষে সক্ষম, তাই এটি প্রান্তিক কৃষকদের জন্য একটি বড় সুখবর হতে পারে।
তরুণ এই উদ্ভাবকের বিষয়টি আমি গুরুত্ব সহকারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করব।”বু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই প্রযুক্তি ছড়িয়ে দিতে পারলে দেশের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।