, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
বরিশালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: ১০ মৃত্যু; মশারি না পেয়ে ঝুঁকিতে রোগীরা

বরিশালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: ১০ মৃত্যু; মশারি না পেয়ে ঝুঁকিতে রোগীরা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল বিভাগজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে বিভাগের ছয় জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৯১ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিয়ে চাপ বাড়ছে। তবে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকা এবং পর্যাপ্ত মশারি থাকলেও তা রোগীদের না দেওয়ার অভিযোগে উদ্বেগ আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট ৬ হাজার ৭৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন এবং একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১০ জনের।

সর্বশেষ ১ সেপ্টেম্বর রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা উত্তম ঘরামি (৫৩) মারা যান। মৃতদের মধ্যে আটজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন ঝালকাঠি এবং একজন পিরোজপুর হাসপাতালে মারা গেছেন।

বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৩৮২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩৯ জন।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে পিরোজপুর, যেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। দ্বিতীয় অবস্থানে ঝালকাঠিতে আক্রান্ত ১ হাজার ৬২২ জন। এছাড়া বরগুনায় ৯২১, বরিশালে ৭১২, পটুয়াখালীতে ৬৬১ এবং ভোলায় ৩৫৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, ছয়টি মেডিসিন ওয়ার্ডেই সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশ ডেঙ্গু রোগীর শয্যায় নেই মশারি। কেউ কেউ বাড়ি থেকে মশারি আনলেও তা টাঙানোর মতো কোনো ব্যবস্থা নেই।

নেছারাবাদের বাসিন্দা তহমিনা বেগম বলেন, হাসপাতাল থেকে কোনো মশারি দেওয়া হয়নি। বাড়ি থেকে মশারি আনলেও তা টাঙানোর ব্যবস্থা না থাকায় ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

পিরোজপুরের কাঁঠালিয়া থেকে আসা মো. সোহবাহান গাজী জানান, উপজেলা হাসপাতাল থেকে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা মশারি ব্যবহারের পরামর্শ দিলেও হাসপাতাল থেকে কোনো মশারি পাননি।

বাকেরগঞ্জের রোগী লাল মিয়ার অভিযোগ, ডেঙ্গু রোগীদের সঙ্গে সাধারণ রোগীদের একই ওয়ার্ডে রাখায় অন্য রোগীরাও সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন। একই আশঙ্কা প্রকাশ করেছেন মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন কবিতা বেগম। তিনি বলেন, ওয়ার্ডে মশার উপদ্রব রয়েছে এবং পাশের কয়েকজন ডেঙ্গু রোগীর কারণে তিনি আতঙ্কে রয়েছেন।

অন্যদিকে হাসপাতালের নার্সদের দাবি, রোগীদের মশারি না দেওয়ার পেছনে অবহেলা নয়, বরং জবাবদিহির বিষয়টি কাজ করছে। তাদের ভাষ্য, অনেক রোগী সুস্থ হয়ে হাসপাতালের মশারি সঙ্গে করে বাড়ি নিয়ে যান। পরে মশারির হিসাব দিতে গিয়ে সংশ্লিষ্ট নার্সদের কৈফিয়তের মুখোমুখি হতে হয়। এছাড়া অধিকাংশ শয্যায় মশারি টাঙানোর মতো পর্যাপ্ত জায়গা বা স্ট্যান্ডও নেই।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. মাজহারুল রেজওয়ান রেজা বলেন, হাসপাতালে পর্যাপ্ত মশারি রয়েছে এবং প্রতিটি মেডিসিন ওয়ার্ডে মশারি সরবরাহ করা হয়েছে। তবে রোগীদের কাছে মশারি বিতরণের ক্ষেত্রে কিছুটা অনীহা রয়েছে, কারণ অনেক রোগী মশারি নিয়ে বাড়ি চলে যান।

তিনি আরও বলেন, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও জায়গার সংকটের কারণে আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা সম্ভব হয়নি। তাই ছয়টি মেডিসিন ওয়ার্ডে পৃথক কর্নার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক রোগীকে বেড দেওয়া যাচ্ছে না, আবার মশারি টাঙানোর স্ট্যান্ড না থাকায় রোগীদের মশারি ব্যবহার নিশ্চিত করাও সম্ভব হচ্ছে না। এতে ডেঙ্গু রোগীদের মাধ্যমে অন্য রোগীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হাসপাতালের এই মুখপাত্র।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost