
বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত দুই কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। অভিযুক্ত দুজনকে একই দিন বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ (অবমুক্ত) করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমান কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ে দায়িত্বস্থলে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে বুধবার বিকেলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বদলির আদেশ জারি করে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস নয়, জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা—কর্মচারীদের উপস্থিতি, দায়িত্ব পালন এবং জনসেবার মান নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের নির্দেশনায় এই মনিটরিং ও আকস্মিক পরিদর্শন আরও জোরদার করা হয়েছে।
সূত্র আরও জানায়, আগাম কোনো নোটিশ ছাড়াই জেলার বিভিন্ন ভূমি অফিসে যেকোনো সময় আকস্মিক পরিদর্শন করা হবে। কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা কিংবা সরকারি সেবা প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে বিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, “নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ। অভিযোগের প্রেক্ষিতে দুজন কর্মচারীকে বুধবার বিকেলেই বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।”
জেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে জেলার ভূমি অফিসগুলোতে সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা এবং জনসেবার মানোন্নয়নে কঠোর বার্তা পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।