রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
মোটরসাইকেলে বোতলজাত তেল ভরার সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় মোটরসাইকেলের চালক দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ এপ্রিল) ভোরে বরিশাল—ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডের গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত মোটরসাইকেল চালক একটি ইয়ামাহার মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তিনি (চালক) বোতলে করে তেল বহন করছিলেন। পথিমধ্যে গয়নাঘাটা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের তেল শেষ হওয়ার পর তার সাথে থাকা বোতল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাটি ভোর সাড়ে পাঁচটার দিকে হওয়ায় ঘটনাস্থলের আশপাশে লোকজন কম থাকায় তিনি (চালক) নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘসময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষনে অগ্নিকান্ডে মোটরসাইকেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সূত্রে আরও জানা গেছে, গুরুত্বর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, তাৎক্ষনিকভাবে গুরুত্বর দ্বগ্ধ মোটরসাইকেল চালকের নাম ও পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানিয়েছেন, বোতলজাত করে তেল বহন ও ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। অসতর্কতার কারণে এমন দুর্ঘটনায় যেকোনো সময় প্রাণঘাতীর ঘটনা ঘটতে পারে। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থেকে সকলকে সতর্ক থাকার জন্য তিনি আহবান করেছেন।
Leave a Reply