সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন।
অনশনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে অনেক শিক্ষককে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষকরা মানসিক চাপের মধ্যে পড়েছেন। পাশাপাশি, দীর্ঘ সময় ধরে শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম স্থগিত থাকার অভিযোগও তোলেন তারা।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দীন বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে আমাদের অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। আমরা বারবার শিক্ষক নিয়োগের দাবি জানালেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। একজন শিক্ষককে ১৫—২০টি ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা অমানবিক পরিশ্রম করে যাচ্ছি। এরপরও আমাদের পদোন্নতির সব শর্ত পূরণ হওয়ার পরও প্রক্রিয়াটি অকারণে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধানের দাবিতেই আমরা আমরণ অনশনে বসেছি।’
সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাদিকুর রহমান বলেন, ‘অধ্যাপক পদে পদোন্নতির জন্য ৬ মাস আগে বোর্ড বসেছে, কিন্তু এখন পর্যন্ত পদোন্নতির বিষয়ে কোনো অগ্রগতি নেই। শিক্ষকদের পদোন্নতির জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাসকৃত নীতিমালার সব শর্ত পূরণ হওয়া সত্ত্বেও আমাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে আমরা একাধিকবার উপাচার্যের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো কার্যকর সমাধান পাইনি। অনেক সময় উপাচার্য চাপের মুখে আমাদের সঙ্গে দেখা করলেও পরবর্তীতে বিভিন্ন অজুহাতে পদোন্নতির প্রক্রিয়া স্থগিত রেখেছেন। দ্রুততম সময়ের মধ্য আমরা এসব সমস্যা সমাধানের জন্য আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি।’
Leave a Reply