বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম
থানায় ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার চাচার হাতুড়িপেটায় ভেঙেছে হাত, শ্রুতিলেখকে পরীক্ষা দিচ্ছেন বিথী বরিশাল বিশ্ববিদ্যালয়: কর্মবিরতির পর এবার কমপ্লিট শাটডাউন ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড় বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি পেট্রোল সংকট নিরসনে ইউএনওর উদ্যোগ,স্বস্তিতে এলাকাবাসী বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন ডায়রিয়া নিয়ে চিন্তিত বরগুনা সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল মুলাদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু ক্লাস চলাকালে খসে পড়ল ফ্যান-পলেস্তারা মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি বরখাস্ত ‘পাঠান’-কে ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ৩৫ দিনে কত আয় বাড়ল গণপরিবহনের ভাড়া, আজ থেকেই কার্যকর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। আদালতের নির্দেশে বাকেরগঞ্জে জমি দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান মেহেন্দিগঞ্জ ১২বছরের মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য
বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি

বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি

মহাসড়কে চলা যাত্রীবাহী বাস থেকে অবৈধভাবে চাঁদা তুলছেন বরিশালের দুই বাস টার্মিনালের ইজারাদার। এ নিয়ে দূরপাল্লার পরিবহণ মালিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে দুজনকে গ্রেফতার করা হলেও বুধবার দুপুরে তাদের ছেড়ে দেয় পুলিশ। যদিও ওই দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পাঠিয়েছিলেন একজন পরিবহণ মালিক। বিসিসির বাজার পরিদর্শকের দেওয়া প্রত্যয়নপত্রের ভিত্তিতে ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম। অভিযুক্ত ঠিকাদারদের দাবি, নিয়ম মেনেই যাত্রীবাহী বাস থেকে টোল আদায় করা হয়। তবে বাস মালিক সমিতির নেতারা বলছেন, ‘টার্মিনালে না ঢোকা বাস থেকে এভাবে টাকা আদায়ের কোনো বিধান নেই।’

বরিশাল নগরীর দুই বাস টার্মিনাল রুপাতলী ও নথুল্লাবাদ। রুপাতলী টার্মিনাল থেকে চলে অভ্যন্তরীণ ২৮টি রুটের স্বল্পপাল্লার বাস। এখানে থাকা বাস মালিক গ্রুপের আওতাধীন বাসের সংখ্যা ১১১টি। নথুল্লাবাদ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দেশের দূর—দূরান্তে যায় যাত্রীবাহী বাস। দূরপাল্লার প্রায় সব বাসের কাউন্টারও রয়েছে এখানে। মোট ১৫০টি বাস রয়েছে এই টার্মিনালে থাকা মালিক সমিতির অধীনে। এছাড়া দূরপাল্লার কয়েক শ বাস চলাচল করে এই টার্মিনাল থেকে। দুই টার্মিনালে থাকা বরিশাল সিটি করপোরেশনের টার্মিনাল ভবন এবং কাউন্টার ব্যবহার করা প্রশ্নে বার্ষিক একটি রাজস্ব পায় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সেই রাজস্ব আদায়ে প্রতিবছরই দুই টার্মিনালে ঠিকাদার নিয়োগ করে তারা। এ বছরও বাংলা বর্ষের হিসাবে রুপাতলী বাস টার্মিনালের জন্য আরিফুর রহমান মুন্না এবং নথুল্লাবাদ বাস টার্মিনালের জন্য হাবিবুল্লাহকে ইজারাদার হিসাবে নিয়োগ দেয় বিসিসি। প্রতিযোগিতামূলক টেন্ডারে ২৬ লাখ টাকায় রুপাতলী এবং ৭০ লাখ টাকায় নথুল্লাবাদ বাস টার্মিনাল ইজারা নেয় তারা। অবশ্য রুপাতলী টার্মিনালের ইজারা মুন্নার নামে দেওয়া হলেও তিনি সেটি পরিচালনা করছেন না। তার লাইসেন্স ব্যবহার করে ইজারা নেওয়া এবং টোল উঠাচ্ছেন ইয়াসিন আরাফাত নামে আরেকজন।

বিসিসি সূত্রে জানা যায়, ইজারার শর্ত অনুযায়ী কেবল টার্মিনাল ব্যবহার করা যাত্রীবাহী বাসের কাছ থেকে নির্ধারিত অঙ্কের টাকা তুলবে ইজারাদার। সেক্ষেত্রে দূরপাল্লার যেসব গাড়ি এই দুই টার্মিনালে ঢুকে যাত্রী ওঠানামা করাবে, তাদের কাছ থেকেও নেওয়া যাবে টোল। তবে টার্মিনালসংলগ্ন মহাসড়ক দিয়ে চলাচলকারী বাসের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না। ইজারার শর্তে স্পষ্ট করে এসব বলা থাকলেও ইজারা পাওয়ার দিন থেকেই টার্মিনালে না ঢুকে সরাসরি মহাসড়ক দিয়ে চলাচলকারী সব প্রকার যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায় শুরু করেন আলোচ্য দুই ঠিকাদার। এক্ষেত্রে বাসপ্রতি ৬০ টাকা করে নিচ্ছেন তারা। বরিশাল নগরীতে মাত্র দুই কিলোমিটারের ব্যবধানে থাকা দুটি বাস টার্মিনালে এভাবে ৬০ টাকা করে ১২০ টাকা দিতে বাধ্য হচ্ছেন দূরপাল্লা রুটে চলাচলকারী বাসগুলোর মালিকরা। বিষয়টি সম্পর্কে আলাপকালে কুয়াকাটা—ঢাকা রুটে চলাচলকারী একটি বাসের মালিক যুগান্তরকে বলেন, ‘আমার বাসগুলো কুয়াকাটা থেকে সরাসরি ঢাকা যায়। বরিশালের দুই বাস টার্মিনালের কোথাও ঢোকে না। মহাসড়ক ধরে চলে যায় সেগুলো। কিন্তু তারপরও আমাকে দুই টার্মিনাল মিলিয়ে ১২০ টাকা দিতে হয়।’ আরেকজন বাস মালিক বলেন, ‘বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিদিন গড়ে প্রায় ৪শ বাস এ দুই টার্মিনালের সামনের মহাসড়ক দিয়ে দেশের নানা স্থানে যায়। বৃহস্পতি, শনিবারসহ দুই ঈদে বাস চলাচলের এই সংখ্যা দিনে হাজার পর্যন্ত ছুঁইছুঁই করে। বিসিসির টার্মিনালে ঢোকা বা ব্যবহার না করলেও এসব বাস থেকে দৈনিক ১২০ টাকা হারে আদায় করা হয় টাকা। বছর শেষে যার পরিমাণ দাঁড়ায় ৩ কোটিরও বেশি।’

টার্মিনালে না ঢুকে মহাসড়ক দিয়ে চলাচলকারী বাস থেকে এভাবে চাঁদা ওঠানো নিয়ে কয়েকদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল রুপাতলী টার্মিনালে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাতে টার্মিনালের সমাজসেবা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হাসান হাওলাদার ও সোহাগ হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় চাঁদাবাজির অভিযোগও দেন ‘নিউ অন্তরা ক্লাসিক’ পরিবহণের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ চৌধুরী। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন ইসলাম জানান, ‘বিসিসি’র বাজার পরিদর্শক রেজাউল কবিরের চিঠি এবং অনুরোধের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আর এভাবে চাঁদা তোলা হবে না মর্মে মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’ জানতে চাইলে রুপাতলী বাস টার্মিনালের ইজারা তোলার দায়িত্বে থাকা ইয়াসিন আরাফাত বলেন, ‘টার্মিনালের ইজারা পেতে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এক নেতা। প্রতিযোগিতায় টিকতে না পেরে সমঝোতার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। আমরা রাজি না হওয়ায় এসব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’ টার্মিনালে না ঢোকা বাস থেকে টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আগের ইজারাদাররাও এভাবেই নিয়েছে। সব বাসই তো টার্মিনালসংলগ্ন মহাসড়ক দিয়ে যায়। আর সড়ক তো টার্মিনালের আওতায় পড়ে। তাই আমরা তাদের কাছ থেকে টোল নিই।’ মহাসড়কে চলাচল করা বাস থেকে টাকা নেওয়ার বিষয়ে কথা বলার জন্য নথুল্লাবাদ টার্মিনালের ইজারাদার হাবিবুল্লাহকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও ধরেননি তিনি।

বরিশাল সিটি কর্পোরেশনের মূখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘ইজারার শর্ত অনুযায়ী মহাসড়ক দিয়ে চলাচলকারী বাস থেকে টাকা নেওয়া যাবেনা। যেসব বাস টার্মিনালে থাকে, টার্মিনালে অবস্থান করে, যাত্রী ওঠানামা করে, কেবল তাদের কাছ থেকেই নির্ধারিত অঙ্কের রাজস্ব আদায় করতে পারবেন ইজারাদার। বিষয়টি সম্পর্কে আমরা এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ রুপাতলী বাস মালিক গ্রুপের সভাপতি জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘বিষয়টি নিয়ে বেশ কয়েকজন বাস মালিক আমার কাছে অভিযোগ করেছেন। আমি বিসিসির প্রশাসক মহোদয়ের সঙ্গে এ নিয়ে কথা বলব।’ নথুল্লাবাদ বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘এই অনিয়ম তো বহু বছর ধরেই চলছে। এটা দেখা যাদের দায়িত্ব, তারা যদি না দেখেন তো আমাদের কী করার আছে? আমরা কেবল এটা বলতে পারি যে বাস মালিক সমিতি কিংবা পরিবহণ শ্রমিক ইউনিয়নের নামে এই টার্মিনালে এক টাকার চাঁদাবাজিও হয় না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com