
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের ব্যস্ততম (কলেজ মোড়) এলাকায় ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন পৌর প্রশাসক । সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।
জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করা এবং যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কলেজ মোড় এলাকার বিভিন্ন পয়েন্টে সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্হাপনা এবং নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। এর ফলে দীর্ঘদিন পরেএলাকায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান বলেন, “জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। ফুটপাত দখলমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনার সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা—কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।