
ভোলার বোরহানউদ্দিনে দুই কন্যাসন্তানকে রেখে স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ করেছেন দুবাইপ্রবাসী রিয়াজ উদ্দিন। একই সঙ্গে তার স্ত্রী জমানো ১৫ লাখ ৭৭ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও দাবি করেছেন তিনি। বিষয়টি নিয়ে কথা বললে দুই মেয়েকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিয়াজ।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এসব অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
রিয়াজ উদ্দিন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বোদ্ধের পোল বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জীবিকার প্রয়োজনে দুবাইয়ে অবস্থান করছেন।
ভিডিও বার্তায় রিয়াজ বলেন, দুই কন্যাসন্তানের ভবিষ্যৎ ও পরিবারের কথা চিন্তা করে তিনি বিদেশে পরিশ্রম করে উপার্জন করা অর্থ নিয়মিত দেশে পাঠাতেন। সংসারের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতের জন্যও অর্থ সঞ্চয় করতেন।
তার দাবি, দেশে জমানো ১৫ লাখ ৭৭ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে তার স্ত্রী দিলরুবা বেগম অন্য এক যুবকের সঙ্গে চলে গেছেন। এ সময় দুই কন্যাসন্তানকে বাড়িতে রেখে যাওয়ার অভিযোগও করেন তিনি।
রিয়াজের অভিযোগ, স্ত্রী চলে যাওয়ার পর সন্তানদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে কথা বলার কারণে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তার দুই মেয়েকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
ফেসবুক ভিডিও বার্তায় তিনি প্রশাসনের কাছে দুই কন্যাসন্তানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে, রিয়াজ উদ্দিনের এসব অভিযোগের বিষয়ে তার স্ত্রী দিলরুবা বেগম এবং যে যুবকের সঙ্গে তিনি চলে গেছেন বলে অভিযোগ করা হয়েছে, তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।