, , ,
শিরোনাম
বরিশালে জমি বিক্রিতে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হত্যার হুমকির দাবি। কুয়াকাটায় নৌপুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ বন্ধুর জানাজা নিচে, ব্রিজের উপর নীরবে দাঁড়িয়ে হিন্দু বাল্যবন্ধু বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার মুলাদীতে ইয়াবাসহ ‘ডিলার নজরুল’ গ্রেপ্তার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে যুবদল কর্মীকে কোপাল দুর্বৃত্তরা ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার
ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বরিশালের হিজলায় বিদ্যালয়ের পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত ও পোড়ানোর অভিযোগে একটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এ জরিমানায় সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি—জরিমানা নয়, জনস্বাস্থ্য রক্ষায় কারখানাটি দ্রুত লোকালয় থেকে সরাতে হবে।

আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকায় ‘ইফরাস খান ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. গিয়াস উদ্দিন খান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কারখানাটি পরিচালনা করছেন। সেখানে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন কেটে রাসায়নিক দিয়ে পরিষ্কার করা হয়। পরে সেগুলো কারখানার ভেতরেই পোড়ানো হয়। এতে কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। কারখানার রাসায়নিক মিশ্রিত পানি স্থানীয় খালে ফেলারও অভিযোগ রয়েছে।

কারখানাটির পাশেই রয়েছে পূর্ব পত্তনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোনা মার্কেট। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আবু হানিফ বলেন, প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া ও দুর্গন্ধ শ্রেণিকক্ষে প্রবেশ করে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের কষ্ট হয়। ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান।

স্থানীয় বাসিন্দা গনি মজুমদার বলেন, বায়ু ও বর্জ্যদূষণ বন্ধের দাবিতে প্রায় দুই বছর আগে গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এত দিনেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো কারখানাটি থেকে দূষণ ছড়াচ্ছে।

মুলাদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাকছুদুর রহমান বলেন, খোলামেলা জায়গায় প্লাস্টিক ও পলিথিন পোড়ালে বাতাসে ডাইঅক্সিন ও ফিউরানের মতো ক্ষতিকর রাসায়নিক ছড়ায়। এসব উপাদান ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণসহ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যাও দেখা দিতে পারে।

অভিযান শেষে ইউএনও মো. ইলিয়াস সিকদার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া প্লাস্টিক কারখানা পরিচালনা জনস্বাস্থ্যের জন্য হুমকি। পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মালিককে সতর্ক করা হয়েছে। ছাড়পত্র ছাড়া আবার কার্যক্রম চালালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, হিজলায় কোনো প্লাস্টিক কারখানাকে ছাড়পত্র দেওয়া হয়নি। শিগগির প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সরেজমিন পরিদর্শনের পর পরিবেশগত শর্ত পূরণ না করলে কারখানাটি বন্ধের নির্দেশসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারখানার মালিক মো. গিয়াস উদ্দিন খান বলেন, কারখানা স্থাপনের সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। তবে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ছাড়পত্রের জন্য আবেদন করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost