
নবগঠিত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া।
বুধবার (১১ নভেম্বর) তাকে শর্তসাপেক্ষে আগামী এক বছর মেয়াদে চেয়ারম্যান (গ্রেড—২) পদে চুক্তিভিতিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক বিনিয়োগ শাখা।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল—বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬—এর ধারা ৮(১) অনুযায়ী মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড—২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, ‘আমি রাজপথের লোক। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন কাজ করার জন্য, কাজ করেছি। এজন্য তিনি আমাকে ভালোবেসে, দয়া করে মহানগর বিএনপির দায়িত্ব দিয়েছেন। বর্তমানে নবগঠিত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন— এজন্য তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি যখন যেভাবে দায়িত্ব দিবেন, আমি মাথা পেতে নিয়ে যথাযথভাবে পালন করব। এটা আমার অঙ্গীকার।’
উল্লেখ্য, ২০২২ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য খসড়া আইন তৈরি করে। পরবর্তী ২০২৫ সালের ২৬ নভেম্বর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ—২০২৫ নামে গেজেট প্রকাশিত হয়। সবশেষ প্রায় এক বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।