
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। আগুনে একটি ছাগলের বাচ্চাও পুড়ে মারা গেছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম জ্যোতি এ তথ্য জানান।
পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুড়ে যাওয়া বাড়ির ছবি ও ঘটনার বিস্তারিত জানিয়ে আরও একটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি জানান, বাড়িটি তার দাদার তৈরি এবং এই বাড়িতেই তাদের শৈশব কেটেছে। আগুনে পুড়ে মারা যাওয়া ছাগলের বাচ্চাটির নাম ছিল ‘তারা’।
পোস্টে নুসরাত তাবাসসুম জ্যোতি লেখেন, ‘আমার দাদার বানানো বাড়ি ঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা। আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারে নি৷ এসব করে কি আর করবে!’
এর আগে বুধবার রাতে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
ঘটনার পর বাড়িটির নিরাপত্তা ও হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত, কী কারণে হামলার ঘটনা ঘটেছে বা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া গেছে—তা নিশ্চিত হওয়া যায়নি।