
বরিশালের আগৈলঝাড়ায় ক্রসফায়ারের নামে দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—২।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনাল—২—এর দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের নেতৃত্বে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ। অন্য সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মো. মোকতাদির হোসেনকে জেরা করেন পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জেরা শেষে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন। মামলায় ২৩ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা মোকতাদির। তার জেরার মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হলো।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদসহ অন্যরা।
মামলার চার আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন। অপর দুই আসামি হলেন বরিশাল—১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ। তারা পলাতক রয়েছেন।
এ মামলার ভুক্তভোগী হলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
গত ২০ মে আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল—২।
প্রসিকিউশনের অভিযোগ, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এ কারণে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাঁদের হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা বাস্তবায়নে তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, ওই পরিকল্পনার অংশ হিসেবে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলায় টিপু ও কবিরকে গ্রেপ্তার করে উজিরপুর থানা পুলিশ। পরে তৎকালীন এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনের মাধ্যমে গৌরনদী—গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে তাদের নিয়ে ক্রসফায়ারের নাটক সাজানো হয়। সেখানে গুলি করে দুজনকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।