
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. আজিজুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার মজিদ মাঝির মার্কেট এলাকায় তিষা ডিজিটাল স্টুডিওর সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার মো. আজিজুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলার ৩ নম্বর চর এককরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাদপুর গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনার সময় আজিজুর রহমানের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।