
ভোলার লালমোহন উপজেলায় দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত করা হয়েছে একটি সরকারি পুকুর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের দত্তপাড়া এলাকার সরকারি ১ নম্বর খতিয়ানের পুকুরটিকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের সৌন্দর্যবর্ধন ও জনগণের চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুকুর পাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদ করা হয়। এ ছাড়া পৌরশহরের বিভিন্ন স্থানের ফুটপাত দখলমুক্ত করতেও উচ্ছেদ অভিযান চালানো হয়।
উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা।