
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল হেলমেটধারী দুর্বৃত্ত। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার খাগদী এলাকার সার্বিক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা পাম্পের অফিস ও সার্বিক বাস ডিপোর নিরাপত্তাকক্ষ ভাঙচুর করে পালিয়ে যায়।
পুলিশ ও পাম্পের শ্রমিকরা জানান, বুধবার রাত ১০টার দিকে হঠাৎ একদল হেলমেট পরা যুবক পাম্পে এসে হামলা চালায়। এ সময় তারা সার্বিক ফিলিং স্টেশনের অফিস এবং বাস ডিপোর নিরাপত্তাকক্ষ ভাঙচুর করে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর—২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জেলা পুলিশের কর্মকর্তারা। তবে হামলার সময় সার্বিক পরিবহনের ডিপোতে কোনো বাস ছিল না। অনেক আগেই সেখান থেকে বাসগুলো সরিয়ে নেওয়া হয়েছিল।
মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাম্পে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।