, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিয়ের সব আয়োজন সম্পন্ন, বাড়িতে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের ভিড়, উপস্থিত ছিলেন কাজিও। ঠিক এমন মুহূর্তে বোরকা পরা এক তরুণী বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন। কিন্তু মিষ্টি মুখে দিতে গিয়ে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের; একই সঙ্গে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পেয়ে পুরো বিয়েবাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কনেকে বিয়ে না করেই বাড়ি ফিরে গেছেন বরযাত্রীরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী—বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বরকে পছন্দ না হওয়ায় কনে তার এক বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়েটি ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমানের (২৫) সঙ্গে মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে সাদিয়া আক্তারের (২০) বিয়ের দিন ধার্য ছিল।

ঘটনার বিবরণ দিয়ে বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বেলা ৩টার দিকে তারা বর তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও তখন উপস্থিত ছিলেন এবং বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। বজলুর রহমান নিজেও বরের পাশেই বসা ছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।

বজলুর রহমান বলেন, ‘মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে বিষের গন্ধ পান। বিষয়টি জানালে আমরা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করি। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পাই। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে সরে পড়েন।’

তিনি আরও জানান, বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হলেও তাকে আর পাওয়া যায়নি। এমনকি কনের পরিবারের সদস্যরাও ওই তরুণীকে চেনেন না বলে দাবি করেন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বরপক্ষ দ্রুত তাওফিকুরকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায় এবং পরে বিয়ে না করেই বাড়ি ফিরে আসে। দুই পরিবারের আলোচনার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান নামের ওই যুবক জরুরি বিভাগে আসেন। তার স্বজনেরা জানান যে বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বিকেলে বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলে বিয়ে না করেই চলে যান। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি; এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বড়তলী—বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, ‘বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায়—এমন কথা লোকমুখে শুনেছি। তবে ঘটনার সত্যতা আমি নিজে নিশ্চিত হতে পারিনি।’

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ ধরনের কোনো ঘটনার কথা পুলিশের জানা নেই এবং এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost