
চিকিৎসকের তীব্র সংকটে ব্যাহত হচ্ছে ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসাসেবা। ১০০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৬৬টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। শূন্য রয়েছে ৫৩টি পদ, যা মোট পদের প্রায় ৮০ শতাংশ। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ভর্তি রোগীরাও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। বাধ্য হয়ে অনেককে বিভাগীয় শহর বরিশাল কিংবা বেসরকারি চেম্বারে যেতে হচ্ছে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০০৩ সালে ঝালকাঠি সদর হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। তবে শয্যাসংখ্যা বাড়লেও চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বাড়েনি। বর্তমানে চিকিৎসকের ৬৬টি পদের মধ্যে সিনিয়র কনসালট্যান্টের ১০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন। অর্থোপেডিক সার্জারি, সার্জারি, কার্ডিওলজি, চক্ষু, রেডিওলজি, অ্যানেসথেসিয়া, গাইনি, মেডিসিন ও শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট পদ শূন্য।
জুনিয়র কনসালট্যান্টের ১২টি পদের মধ্যে অর্থোপেডিক সার্জারি, সার্জারি ও অ্যানেসথেসিয়া বিভাগে একজন করে চিকিৎসক কর্মরত রয়েছেন। বাকি ৯টি পদে কার্ডিওলজি, চক্ষু, রেডিওলজি, মেডিসিন, শিশু, ইএনটি, গাইনি, চর্ম ও যৌন রোগ বিভাগের কোনো চিকিৎসক নেই।
সহকারী সার্জনের ২০টি অনুমোদিত পদের সবগুলোই শূন্য। জরুরি বিভাগের চিকিৎসক কর্মকর্তার ৮টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ২ জন। মেডিকেল অফিসারের ৪টি পদের মধ্যে একটি শূন্য। ডেন্টাল সার্জন ও ইউনানি চিকিৎসা কর্মকর্তার একটি করে পদ থাকলেও ২টিই শূন্য। এ ছাড়া প্যাথলজি বিভাগের ৫টি পদেও কোনো চিকিৎসক নেই।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, ২০১৮ সালে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে ঝালকাঠি সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করতে ৯ তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০২৩ সালের অক্টোবরে ভবনটি উদ্বোধন করা হলেও লিফট, চিকিৎসা সরঞ্জাম ও জনবলসংকটে এখনো পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি। ফলে নতুন ভবন নির্মিত হলেও পুরোনো ১০০ শয্যার হাসপাতালেই বাড়তি রোগীর চাপ সামলাতে হচ্ছে।
প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে সহস্রাধিক এবং জরুরি বিভাগে ২০০—৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি অন্তর্বিভাগে ভর্তি থাকেন অন্তত দেড় শতাধিক রোগী। চিকিৎসক সংকটে বিপুলসংখ্যক রোগীকে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে অনেক রোগীকে বরিশাল কিংবা বেসরকারি চেম্বারে যেতে হচ্ছে। এতে একদিকে চিকিৎসা ব্যয় বাড়ছে, অন্যদিকে রোগী ও স্বজনদের ভোগান্তিও বাড়ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার তারুলী গ্রামের আনোয়ার হোসেন বলেন, নিজের অসুস্থতার জন্য হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে। কিন্তু রোগীদের অনেক ভিড় থাকায় ডাক্তার দেখাতে পারছি না। এখানে বড় ডাক্তারও নেই। অন্য ডাক্তার দেখালে আমার রোগ ভালো নাও হতে পারে। আবার বাইরে গিয়ে চিকিৎসা করানোর মতো টাকাও আমার নেই। তাই বাধ্য হয়ে হাসপাতালেই অপেক্ষা করছি।
হাসপাতালে ভর্তি রোগী উজ্জ্বল হাওলাদার বলেন, হাসপাতালের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। কিন্তু চিকিৎসক কম থাকায় ঠিকমতো চিকিৎসা পাওয়া যাচ্ছে না। একজন চিকিৎসক মাঝেমধ্যে আসেন। এতে রোগীদের চিকিৎসা পেতে অনেক সময় অপেক্ষা করতে হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদি হাসান সানি বলেন, প্রতিদিন বহির্বিভাগে সহস্রাধিক এবং জরুরি বিভাগে ২০০—৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া অন্তর্বিভাগে ভর্তি থাকেন অন্তত দেড় শতাধিক রোগী। তাদের প্রয়োজনীয় সময় দিয়ে চিকিৎসা দেওয়া দরকার হলেও চিকিৎসকের অভাবে তা সম্ভব হচ্ছে না।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, সীমিত জনবল দিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার পাশাপাশি চিকিৎসক সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অচিরেই চিকিৎসক সংকট দূর হবে বলে আশা করছেন তিনি।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের উদ্বোধন করা হলেও এখনো পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী জানুয়ারি মাস নাগাদ হাসপাতালটির কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা করছি। লিফটসংক্রান্ত জটিলতার কারণে কার্যক্রম শুরুতে বিলম্ব হচ্ছিল। ইতোমধ্যে সেই সমস্যার সমাধান হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য উপকরণের চাহিদাপত্র (রিকুইজিশন) পাঠানোর প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। নতুন ২৫০ শয্যা চালু হলে চিকিৎসক ও জনবলসংকট অনেকটাই কমবে। এতে জেলার মানুষ আরও উন্নত ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করছি।
চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটের কারণে জেলার প্রধান সরকারি হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা বিপুলসংখ্যক মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগের মাধ্যমে এ সংকট সমাধানের দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা।