
বরিশালের কাজিরহাটে বিয়ের দাবিতে প্রেমিক হামিমের বাড়িতে সাত দিন ধরে অবস্থান করছেন যশোরের শান্তা নামে এক তরুণী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে জানা যায়, বরিশাল জেলার কাজিরহাট থানার উদয়পুর গ্রামের মাছ বিক্রেতা কুদ্দুসের বিবাহিত ছেলে হামিমের সঙ্গে যশোর সদর থানার কুদ্দুস আলীর বিবাহিত মেয়ে শান্তার প্রায় দুই বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শান্তার অভিযোগ, প্রেমের সম্পর্কের সূত্র ধরে হামিম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। পরে তাঁকে নিজের বাড়িতে আসার জন্য মোবাইল ফোনে বলেন হামিম। তাঁর কথায় যশোর থেকে কাজিরহাটে চলে আসেন শান্তা।
শান্তা জানান, প্রথমে হামিম তাঁকে তাঁর ভগ্নিপতি চর উদয়পুর গ্রামের শাহিনের বাড়িতে পাঁচ দিন থাকার ব্যবস্থা করে দেন। কিন্তু এ সময় হামিম তাঁর কাছ থেকে দূরে সরে যান। পরে শাহিন তাঁকে হামিমের বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে হামিম বাড়ি ছেড়ে পালিয়ে যান এবং তাঁর সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না।
শান্তা আরও জানান, তাঁর আগে একটি বিয়ে হয়েছিল। সেই সংসারে তাঁর তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে। হামিমের সঙ্গে সম্পর্কের কারণে তিনি আগের সংসার ছেড়ে এসেছেন। তাঁর দাবি, হামিমের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কও হয়েছে। এখন তিনি হামিমকে বিয়ে করে স্ত্রী হিসেবে সংসার করতে চান।
তিনি বলেন, “আমি বিয়ের জন্য যশোর থেকে এখানে এসেছি। এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই। হামিমের মা—বাবা আমাকে চলে যেতে বলছেন। কিন্তু আমি হামিমের স্ত্রী হিসেবে থাকতে চাই। হামিম আমাকে বিয়ে না করলে আইনের আশ্রয় নেব।”
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা—সমালোচনা চলছে।