
বরিশালের বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে সজীব হাওলাদার (৩০) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ধারালো টিনের আঘাতে তাঁর একটি চোখ উপড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সজীব হাওলাদার ওই এলাকার বাসিন্দা ফজর আলী হাওলাদারের ছেলে।
অভিযোগ অনুযায়ী, একই এলাকার খান বাড়ির বাসিন্দা জালাল খাঁ ও রাকিব খাঁ পূর্বশত্রুতার জেরে সজীব হাওলাদারের ওপর হামলা চালান। এ সময় ধারালো টিন দিয়ে তাঁর চোখে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন এবং একটি চোখ উপড়ে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, দুর্গাপুর গ্রামে যুবকের চোখ উপরে যাওয়ার ঘটনা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।