বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
মঙ্গলবার, ১৯ মে সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে ঢাকার ভূমি ভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন। এর ঠিক পরেই সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে স্থানীয় মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
উদ্বোধনের পর ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়। র্যালিতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন তহসিল অফিসের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসকে ডিজিটাল ও হয়রানিমুক্ত করতে হবে। সাধারণ মানুষ যেন ঘরে বসেই দ্রুত, স্বচ্ছ ও সহজে ভূমিসেবা পায়, সে লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) মোঃ রিয়াজুর রহমান জানান, ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলা এই মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান আবেদনসহ ভূমি সংক্রান্ত সকল সেবা এক জায়গায় পাওয়া যাবে। তিনি সাধারণ মানুষকে সেবা নিতে মেলায় আসার আহ্বান জানান।