শনিবার, ০৬ Jun ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

গলাচিপায় পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

গলাচিপায় পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

পটুয়াখালীর গলাচিপায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আমখোলা ইউনিয়ন ও চরকাজল এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমখোলা ইউনিয়নের মো. রিয়াজ হাওলাদার (৩০) এবং পশ্চিম চরকাজল গ্রামের আলমগীর সরদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন রিয়াজ হাওলাদার। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত রিয়াজ ওই গ্রামের মো. খলিল হাওলাদারের ছেলে।

অপরদিকে, দুপুরে পশ্চিম চরকাজল গ্রামে বৃষ্টি ও বজ্রপাতের সময় আলমগীর সরদার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশের মাঠে থাকা নিজের গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আলমগীর সরদার পশ্চিম চরকাজল গ্রামের বাসিন্দা এবং মৃত আহমেদ সরদারের ছেলে।

নামাজ শেষে পরিবারের সদস্যরা আলমগীরকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে দূর থেকে গরুগুলোকে একটি স্থানে জড়ো হয়ে থাকতে দেখে তারা সেখানে যান। কাছে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে বজ্রাঘাতেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, পৃথক দুটি মৃত্যুর ঘটনায় দুই পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আমখোলা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষকের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ গলাচিপায় আনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে চরকাজল পুলিশ ফাঁড়ির এসআই কামাল জানান, পশ্চিম চরকাজল এলাকায় বজ্রাঘাতে আলমগীর সরদারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost