শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ঝালকাঠির জিয়ানগরে বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করতে থানায় আশ্রয় নিয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তহমিনা আক্তার এ পদক্ষেপ নেন।
জানা গেছে, শুক্রবার তহমিনাকে প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার প্রস্তুতি নেয়। কিন্তু বাল্যবিবাহে রাজি না হয়ে তহমিনা প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে জিয়ানগর থানায় গিয়ে আশ্রয় নেন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে তার বাবা আলম হাওলাদারের কাছ থেকে বাল্যবিবাহ না দেওয়ার মুচলেকা নেওয়া হয় এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, রাতে পরিবারের পক্ষ থেকে পুনরায় মানসিক চাপ সৃষ্টি করা হলে শনিবার সকালে আবারও থানায় হাজির হন তহমিনা।
সাংবাদিকদের কাছে তিনি বলেন, “আমাকে যদি আবারও বাড়িতে পাঠানো হয়, তাহলে জোর করে বিয়ে দেওয়া হবে। আর মাত্র চার দিন পর আমার এসএসসি পরীক্ষা। আমি প্রশাসন ও সবার সহযোগিতা চাই।”
পরে থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আবারও তহমিনার বাবা বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকার করেন এবং তাকে বাড়িতে নিয়ে যান।
তহমিনার বাবা আলম হাওলাদার বলেন, “আমি গরিব মানুষ। ভালো ছেলে পেয়ে মেয়ের বিয়ের আয়োজন করেছিলাম। কিন্তু মেয়ে রাজি না হওয়ায় বিয়ে হয়নি। এখন আমি সবার সিদ্ধান্ত মেনে নিয়েছি।”
এ বিষয়ে জিয়ানগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার দুই দিন থানায় এসে বাল্যবিবাহ থেকে রক্ষার আবেদন করে। পরে তার অভিভাবককে ডেকে বাল্যবিবাহ না দেওয়ার মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply