রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস মারাঠির নির্মাতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন দক্ষিণী অভিনেত্রী সোনালী রাউত। তার অভিযোগ— শোয়ের প্রতিযোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়। ক্ষুধায় কষ্ট দেওয়া হয়। নেই ঘুমানোর উপযুক্ত জায়গা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনালী জানিয়েছেন, নোংরা পরিবেশের কারণে তিনি চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। তার দাবি, সেখানে মরা ইঁদুর ও আরশোলার ছড়াছড়ি ছিল। সোনালী নিজের শরীরের বিভিন্ন অংশের, বিশেষ করে পিঠ, হাত, পা এবং বুকের র্যাশ ও দাগের ভিডিও শেয়ার করেছেন। এর আগে দেওয়া এক বিবৃতিতে সোনালী ‘বিগ বস’—এর ঘরের ভিতরের শোচনীয় অবস্থা সম্পর্কে জানিয়েছিলেন।
তিনি বলেন, ‘পরিবেশটা অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। রান্নাঘরের ভেতর বড় বড় ইঁদুর সমস্ত সবজি খেয়ে ফেলছিল এবং সেই একই জিনিস প্রতিযোগীদের জন্য রান্নায় ব্যবহার করা হচ্ছিল। ‘উইকেন্ড কা ওয়ার’—এর সময় এন্ডেমল প্রোডাকশন থেকে যে খাবার আসত, তার থেকেও আরশোলা বেরিয়ে আসত। শাস্তির অংশ হিসেবে ১৭ জন প্রতিযোগীর জন্য মাত্র একটি বাথরুম ব্যবহার করতে দেওয়া হতো। সেই বাথরুমের ভেতরেই মানুষ ধূমপান করত, নোংরা ফেলত, এমনকী খাবারও খেত, সেখানেও ডিমের খোসা এবং মরা ইঁদুর পড়ে থাকত। আপনারা তো জানেনই যে নারী ও পুরুষের আলাদা শৌচালয়ের প্রয়োজনীয়তা।’
সোনালীর আরও অভিযোগ, ‘এমনও সময় গেছে যখন আমি ক্ষুধা সহ্য করে থাকতাম, ঠিকমতো খাবার পেতাম না এবং ঘুমাতেও পারতাম না।মাইক্রোওয়েভ ও কাপড় শুকানোর যন্ত্রের মতো ইলেকট্রনিক সরঞ্জামগুলো বিগ বস হিন্দি থেকে আনা হয়েছিল, কারণ সেগুলোতে আগের প্রতিযোগী যেমন আমাল, তানিয়া এবং মৃদুলের নামের স্টিকার লাগানো ছিল। ওই যন্ত্রগুলো মোটেও স্বাস্থ্যকর ছিল না এবং ঠিকমতো রক্ষণাবেক্ষণও করা হতো না।’
সোনালী জানান, বিগ বস মারাঠিতে ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হতো না। তার কথায়, ‘আমার চুক্তিনামা অন্য প্রতিযোগীদের সঙ্গেও শেয়ার করা হয়েছিল, যা এক কথায় বিশ্বাসের অমর্যাদা। আমি প্ল্যাটফর্মটিকে বিশ্বাস করেছিলাম, কিন্তু বিনিময়ে আমার স্বাস্থ্য এবং সুস্থতার সঙ্গে আপোষ করা হয়েছে। এর একটা বিহিত করা প্রয়োজন, যাতে অন্য কাউকে এভাবে কষ্ট পেতে না হয়।’
Leave a Reply