
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মুঠোফোনে মনোমালিন্য ও কলহের জেরে তামান্না আক্তার জলি (২৬) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার আশারকান্দি ইউনিয়নের নিউমার্কেট কাঠালখাই (পশ্চিম পাড়া) গ্রামে বাবার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জলি ওই গ্রামের আব্দুল মজিদ ও নাসিমা বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জগন্নাথপুর উপজেলার আলমপুর গ্রামের মারুফ আহমেদের (৩২) সঙ্গে জলির বিয়ে হয়। তাদের সংসারে ১৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর মারুফ জীবিকার তাগিদে সৌদি আরব চলে যান। প্রবাসে থাকা অবস্থায় বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে মুঠোফোনে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো, যা একাধিকবার সামাজিকভাবে মীমাংসাও করা হয়। সম্প্রতি আবারও বিবাদ সৃষ্টি হলে ৬—৭ দিন আগে জলি তার শিশু সন্তানসহ বাবার বাড়িতে চলে আসেন।
ঘটনার দিন রোববার সারাদিন প্রবাসে থাকা স্বামীর সঙ্গে জলির বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে জলি তার শোয়ার ঘরের তীরের আংটার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত আত্মহত্যার চেষ্টা চালান। এ সময় কোলের শিশুটি কেঁদে উঠলে পরিবারের সদস্যরা দ্রুত ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সিলেটের গোয়ালাবাজারস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে ফিরিয়ে এনে পুলিশকে খবর দিলে জগন্নাথপুর থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।