
বরিশাল—৪ (মেহেন্দিগঞ্জ—হিজলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার চেয়েও বেশি মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। এলাকার প্রতিটি ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য বলেও জানান তিনি।
শনিবার মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার ১৬টি ইউনিয়নের মহিলা দলের নেতাকর্মী ও সদস্যরা অংশ নেন।
রাজীব আহসান বলেন, নারীদের কল্যাণে ফ্যামিলি কার্ড পরিকল্পনা বাস্তবায়নসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হবে। মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নিজ এলাকার প্রতিটি ঘরে সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এলাকার জনপ্রিয় ও গ্রহণযোগ্য নারী নেতৃত্ব খুঁজে বের করে দলের কাছে উপস্থাপনের জন্য ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দেন রাজীব আহসান। একই সঙ্গে এলাকার মানুষের কাছে জনপ্রিয়তা নেই—এমন ব্যক্তিদের দলীয় কার্যক্রম থেকে দূরে রাখার নির্দেশনা দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল সদর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিনসহ মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।