
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা এলাকায় দিন দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। গত কয়েকদিন ধরে বিভিন্ন বাড়িতে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। সিসিটিভি ক্যামেরায় এক চোরের ছবি ধরা পড়লেও এখন পর্যন্ত তাকে শনাক্ত করে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে চরহোগলার চন্দ্রমুখী এলাকার একটি বাড়িতে চুরির চেষ্টার সময় সিসিটিভি ক্যামেরায় এক ব্যক্তির গতিবিধি ধরা পড়ে। রাত আনুমানিক ১২টা ১১ মিনিটে ওই ব্যক্তিকে বাড়ির গ্রিল বেয়ে ওপরে উঠতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে তার চুরির চেষ্টার দৃশ্য ধরা পড়লেও এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, কিছুদিন ধরে রাতের আঁধারে বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটছে। এতে অনেকেই রাতের বেলা নিরাপত্তা হীনতায় ভুগছেন।
চরহোগলা এলাকার বাসিন্দারা চুরির ঘটনা রোধে প্রশাসনের নজরদারি ও পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন। পাশাপাশি রাতে নিজেদের বাড়িঘর ও মূল্যবান সামগ্রী নিরাপদ রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।