
দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত রাশেদ খানকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
রোববার (০১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। এটি সরকারের সমালোচনামূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে ক্ষুব্ধ মনোভাবও প্রকাশ করে।
বিবৃতিতে ডা. ইরান বলেন, রাশেদ খানের পত্রিকা ছেঁড়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, মন্ত্রী ও নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ মনোভাবের বহিঃপ্রকাশ এটি। এ ঘটনার রাজনৈতিক দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রশ্রয়ে রাশেদ খান বারবার অযাচিত বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে তাঁদের কর্মকাণ্ডে প্রশ্রয় দেওয়া হলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে।
ডা. ইরান বলেন, দৈনিক আমার দেশ নিছক একটি সংবাদপত্র নয়; আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, মজলুম ও স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটির স্বতন্ত্র পরিচিতি রয়েছে। কোনো সংবাদপত্রের বক্তব্যে দ্বিমত থাকলে যুক্তি, তথ্য ও প্রমাণ দিয়ে তার জবাব দিতে হবে, পত্রিকা ছিঁড়ে নয়।
রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে প্রমাণ করতে হবে, তিনি চাটুকার, তেলবাজ ও গণমাধ্যমের স্বাধীনতাবিরোধীদের প্রশ্রয় দেন না; বরং স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন।