
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় টার্মিনালের পেছনের দিকে পার্কিং করা একটি বাসে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রফিকুল ইসলাম।
শ্রমিকদের দাবি, ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী এসএম পরিবহনের বাসটি টার্মিনালের পেছনের অংশে রাখা ছিল। এ সময় আওয়ামী লীগের লোকজন বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়।
বাস শ্রমিকরা জানান, হঠাৎ করে কয়েকজন ব্যক্তি বাসটির কাছে গিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসটি পুড়ে যায়।
ঘটনার পর টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিসংযোগের অভিযোগের বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন আমরা খবর পেয়েছি নতুল্লাবাদ বাসস্ট্যান্ডের ভিতরে একটা বাসে আগুন দিয়েছে।তবে কারা কি কারনে দিয়েছে বলতে পারি না।পুলিশ পাঠিয়েছি তথ্য সংগ্রহ করার জন্য তথ্য পেলে বিস্তারিত বলতে পারব।