
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতের শেষভাগে এ ঘটনা ঘটে। তবে এতে বাসভবনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসভবনের নিচে থাকা গার্ডরুমের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা নানকের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাসার জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। একপর্যায়ে বাসভবনের নিচে থাকা গার্ডরুমে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া বাসভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।
জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, “নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে—এমন একটি খবর শুনেছি। তবে এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি।”
ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।