
বরিশালের মেহেন্দিগঞ্জে চুরি হওয়া দুটি ষাঁড় গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর রাত আনুমানিক দেড়টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে মেহেন্দিগঞ্জ থানাধীন চরগোপালপুর গ্রামের রাতুল ফকিরের গোয়ালঘর থেকে দুটি ষাঁড় গরু চুরি হয়। চুরি হওয়া গরু দুটির মধ্যে একটি লাল ও অপরটি কালো রঙের। গরু দুটি রাতুল ফকির ও নয়ন মৃধার বলে জানা গেছে। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ গত ২৮ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে মেহেন্দিগঞ্জের চরশেফালী গ্রামের কাদের খানের ছেলে আলামিনের গোয়ালঘর থেকে চুরি হওয়া লাল রঙের ষাঁড়টি উদ্ধার করে।
একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার মেহেদী হাসানের দেখানো মতে পশ্চিম কোলচরী শ্যামরায় গ্রামের ফরিদ ব্যাপারীর গোয়ালঘর থেকে কালো রঙের ষাঁড়টি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান (২৬) মেহেন্দিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাবুল বেপারীর ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত ও এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।