
জনবান্ধব পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ঝালকাঠি জেলার অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
এ উপলক্ষে ঝালকাঠি পুলিশ লাইন্সে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মেরিন সুলতানা।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “আলহামদুলিল্লাহ, এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রথমেই নলছিটি থানার সকল সহকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সম্মাননা অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি নলছিটি উপজেলাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশের কার্যক্রমে তাঁদের সহযোগিতা আমাকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও বলেন, এ অর্জন তাঁর একার নয়; বরং নলছিটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান তিনি।
স্থানীয় সচেতন মহলের মতে, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ এ ধরনের সম্মাননা পুলিশ সদস্যদের কাজের প্রতি আরও উৎসাহিত করবে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।