বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে পালালেন স্বামী

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে পালালেন স্বামী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর মাথার চুল কেটে অমানবিক নির্যাতন ও ছুরি আঘাত করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলু পলাতক রয়েছেন।

ভুক্তভোগী মিম আক্তারের পরিবার জানায়, ২০১৯ সালে রামধনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে দীন ইসলাম দেলুর সঙ্গে মিমের বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দীন ইসলাম নরসিংদীতে একটি সেলুনে কাজ করেন। সম্প্রতি ব্যবসার কথা বলে তিনি মিমের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। মঙ্গলবার সকালে আবারও টাকার দাবিতে মিমকে বেধড়ক মারধর শুরু করেন দীন ইসলাম ও তার স্বজনরা।

নির্যাতিতা মিম আক্তার অভিযোগ করেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে দীন ইসলাম কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেয় এবং সেই দৃশ্য ভিডিও করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে তার হাত ও মুখে গভীর ক্ষত সৃষ্টি হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মিমের মা পুতুল বেগম বাদী হয়ে আখাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মিমের বাবা জহিরুল ইসলাম এই অমানবিক নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্ত দীন ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost