, , ,
বামনায় ইয়াবা নিয়ে বাবা-ছেলেসহ আটক ৫

বামনায় ইয়াবা নিয়ে বাবা-ছেলেসহ আটক ৫

বরগুনার বামনা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বাবা—ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে এসআই মো. শহিদুল ইসলাম, এসআই মো. শাহরিয়ার নাঈম রোমান ও এএসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল ডৌয়াতলা বাজার ও রামনা রোড এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে উত্তর ডৌয়াতলা এলাকার নুরুজ্জামানের বাড়ির সামনে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ছগির মৃধা (৫৭), তাঁর ছেলে ফারদিন ফেরদৌস ওরফে শ্রেষ্ঠ (২১), মো. তামিম শেখ (২১) ও মো. জাহিদ হাসান (১৯)।

তল্লাশিকালে ছগির মৃধার কাছ থেকে ৫৩ পিস, ফারদিন ফেরদৌসের কাছ থেকে ৪০ পিস, তামিম শেখের কাছ থেকে ১৭ পিস এবং জাহিদ হাসানের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।

এর আগে একই দিনে দুপুরে ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. মনির (২৪) নামে আরও এক যুবককে ১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর হালতা এলাকার বাসিন্দা।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost