শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ও ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা রাজিব আহসান এমপি।
আজ সকাল ১১টায় পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে তিনি স্টিমারঘাট হয়ে পাতারহাট বন্দর এবং সেখান থেকে বাজিতখা নদী পর্যন্ত খালটি সরেজমিনে পরিদর্শন করেন।
উল্লেখ্য, স্বাধীনতা—পূর্ব সময় থেকে শুরু করে আজ পর্যন্ত পাতারহাট বন্দর মেহেন্দিগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে দেশব্যাপী পরিচিত। এক সময় সুপারি, মরিচ, হোগলা পাতা ও গাছচিরা কাঠের ব্যবসার জন্য খ্যাত এই বন্দর দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হতো। কিন্তু বন্দরে প্রবেশের একমাত্র নৌপথ খালটি দীর্ঘদিন ধরে দখল ও নাব্যতা সংকটে জর্জরিত থাকায় আজ ঐতিহ্যবাহী এই বন্দর কার্যত মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে।
স্থানীয় প্রভাবশালী অসাধু চক্র ও কিছু রাজনৈতিক ব্যক্তির দখলদারিত্বের কারণে খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। ফলে শুষ্ক মৌসুমে ছোট স্পিডবোট বা ইঞ্জিনচালিত ট্রলারও স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না।
এই সংকট নিরসনে মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান খালটি পুনঃখনন এবং খালের উভয় পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে আজ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তিনি প্রকল্প এলাকার বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।