মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মো: সজিব হোসেন (২২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মনিরাম বাজার সংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব হোসেন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাওড়ী সরকারি আবাসন এলাকার বাসিন্দা। তিনি মরহুম ইসমাইল হাওলাদারের ছেলে এবং পেশায় ট্রাক্টর চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সজিব ট্রাক্টর নিয়ে ভোলা থেকে লালমোহনের উদ্দেশে রওনা দেন। পথে মনিরাম বাজার সংলগ্ন বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাক্টরটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়। এ সময় ট্রাক্টরে থাকা হেলপার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।