পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে চাবি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম ফারুক হাসানের বিরুদ্ধে। বুধবার এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান এ বি এম ফারুক ইউএনও কার্যালয় থেকে দুটি গোপনীয় নথি দেখতে চান। সংশ্লিষ্ট কর্মকর্তারা নথি দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে কার্যালয়ের একটি চাবি নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
সূত্র আরও জানায়, বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলে প্রায় তিন ঘণ্টা পর চেয়ারম্যান চাবিটি ফেরত দেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম ফারুক হাসান। তিনি বলেন, “চাবিটি আমি মনের ভুলে নিয়ে গিয়েছিলাম। পরে ইউএনও কার্যালয় থেকে বিষয়টি জানানো হলে আমি তাৎক্ষণিকভাবে চাবি ফেরত দিয়ে আসি।”
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আকতার বলেন, “আমরা আইনের আশ্রয় নিচ্ছি। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা হয়েছে।”
ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।