
বরিশাল সদর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ের মাধ্যমে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সেবা সহজলভ্য ও সময়োপযোগী করার লক্ষ্যে “কার্যকর রেফারেল ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বরিশাল সদর উপজেলার উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হেলেনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিনা খান, উপজেলা আইসিটি অফিসার ও কাশিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রবিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম এবং উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মাহাবুবা সিকদার।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর ইসিসিআর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রেজিনা জয়ধর। কর্মশালা সঞ্চালনা করেন এবং কর্মশালার উদ্দেশ্য, কার্যকর রেফারেল ব্যবস্থা, বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত ভূমিকা এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়া বিষয়ে উপস্থাপনা করেন MEAL Officer মো. সাঈদ আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানুষের সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ব্যক্তি যেন সঠিক সময়ে সঠিক দপ্তরের প্রয়োজনীয় সেবা পান, সে জন্য রেফারেল ব্যবস্থা আরও কার্যকর করা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আন্তঃদপ্তরীয় সহযোগিতা ও তথ্য আদান-প্রদান জোরদার করার আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণ করেন কাশিপুর ইউনিয়নের আদর্শ সামাজিক সুরক্ষা কমিটি, নিরাপদ শৈশব সামাজিক সুরক্ষা কমিটি, সূর্যমুখী কিশোর-কিশোরী ক্লাব এবং আদর্শ কিশোর-কিশোরী ক্লাব-এর নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য সরকারি সেবার ক্ষেত্রে কার্যকর রেফারেল ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং জনগণকে সময়মতো প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, কর্মশালাটি World Concern Bangladesh-এর Empowering Communities for Children Rights (ECCR) প্রকল্পের উদ্যোগে আয়োজন করা হয়। প্রকল্পটি Interact-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।