
নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর ডোবা থেকে আজাদ হোসেন নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় দড়ি প্যাঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় কবিরহাট পৌরসভার দক্ষিণ ঘোষবাগ গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজাদ হোসেনের বয়স ৩৪ বছর। তিনি ওই এলাকার প্রয়াত ফজল হকের ছেলে এবং কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আজাদ। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, আজাদের চাচাতো ভাই ফারুক ও নিজাম এ ঘটনায় জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে দাবি স্বজনদের।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজাদের গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং চোখের ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।