
বরিশালের মেহেন্দিগঞ্জে ১০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা ও ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছসহ রাজিব বেপারী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিব বেপারী ওই এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজিব বেপারীর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার লিজ নেওয়া ঘেরের ভেতর উঁচু ঢিবির ওপর লাগানো প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার রাজিব বেপারী এলাকায় একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুমিনের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।