
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫ নম্বর আদর্শ নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে নিহত এক নারীর কবর থেকে লাশ চুরির অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে বজ্রপাতে মারা যাওয়া ওই নারীকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। সম্প্রতি স্থানীয়রা কবরটি খোলা অবস্থায় দেখতে পান। পরে তারা নিশ্চিত হন যে, কবর থেকে মরদেহটি উধাও। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কবর খুঁড়ে মরদেহটি চুরি করে নিয়ে গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক, অমানবিক ও উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, এমন ঘটনা এর আগে এলাকায় কখনও ঘটেনি। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং কবরস্থানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।