
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার উত্তর উলানিয়া ও সদর ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবারে শোকের মাতম নেমে এসেছে।
জানা গেছে, উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্ব হর্নি গ্রামে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশু ওবায়দুল্লাহর মৃত্যু হয়। সে ওই গ্রামের মোহাম্মদ শাহিন মোল্লার ছেলে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শিশুটির মা বাড়ির সবজি বাগানে শাক-সবজি কাটছিলেন। এ সুযোগে ওবায়দুল্লাহ ঘর থেকে বের হয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
একই দিন বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে পানিতে পড়ে ফাহাদুল ইসলাম মাহিম (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়। মাহিম চরলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেলের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, দুটি ঘটনাই অত্যন্ত হৃদয়বিদারক। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় জনপ্রতিনিধিরা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বাড়ির আশপাশে থাকা পুকুর ও জলাশয়ের কাছে ছোট শিশুদের একা যেতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।