
বরিশাল, ২৯ আগস্ট: শরীয়তপুর জেলার গোসাইরহাট হয়ে হিজলা, মেহেন্দিগঞ্জ এবং ভোলা সংযোগকারী সম্ভাব্য সড়কের স্থান পরিদর্শন করেছেন নৌ ও সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজিব আহসান।
শনিবার (২৯ আগস্ট) শরীয়তপুরের গোসাইরহাট থানা এলাকা থেকে যাত্রা শুরু করে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আবুপুর এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর সম্ভাব্য সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, যা মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত সংযোগ স্থাপনের পরিকল্পনার আওতায় বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত ঢাকা–ভোলা কানেক্টিং রোড প্রকল্পের সম্ভাব্য রুট ও স্থান সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যেই প্রতিমন্ত্রীর এ সফর। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থা, যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামোগত সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত এ সড়ক বাস্তবায়িত হলে শরীয়তপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং সামগ্রিকভাবে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।
তবে প্রকল্পটির বাস্তবায়ন, অনুমোদন ও নির্মাণকাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।