
বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ নগরীর পলাশপুর, মোহাম্মদপুর ও আল মাদানী সড়ক এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোটরসাইকেলসহ ৮ জনকে আটক করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে চিহ্নিত মাদক কারবারি ও সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন, যা অভিযান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান, কাউনিয়া অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদারসহ কাউনিয়া থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাউনিয়া থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি নগরীতে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।